বেলাল উদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার :সৌদি আরবের হজ্জ এবং উমরাহ মন্ত্রণালয় গত বুধবারে ঘোষনা দিয়েছে যে, ওমরা হাজী এবং পবিত্র মসজিদ দুটিতে ইবাদতকারী এবং দর্শনার্থীদের “ই’তামারনা” নামক একটি এপ্লিকেশন দিয়ে মনিটর ও রেগুলেট করা হবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই এপ্লিকেশনটি সৌদি অধিবাসী সকলে ডাউনলোড করতে পারবেন।
সৌদি ডাটা এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথোরিটি এর সাহায্য নিয়ে একটি অ্যাপ ডেভেলপ করেছে মন্ত্রণালয়, যা মক্কা এবং মদিনায় উমরাহ হাজী এবং প্রার্থনা করতে ইচ্ছুক সকলের সময় বন্টন করবে।
এই অ্যাপটি সৌদি আরবের উমরাহ হাজী এবং বাকিদের নিজেদের হজের আনুষ্ঠানিকতা ও ভিজিট শিডিউল আগে থেকেই প্ল্যান করতে সাহায্য করবে, এবং হজের রীতিনীতি পালন করার জন্য রিজার্ভেশন দিয়ে রাখবে।
আগামী ৪ অক্টোবর থেকে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে উমরাহ হজ চালু করতে যাচ্ছে সৌদি সরকার। প্রথম ধাপে শুধুমাত্র সৌদি আরবে অবস্থান করা সৌদি নাগরিক বা প্রবাসীরাই উমরাহ হজ করতে পারবেন, এবং তাওয়াফ এর মোট ধারনক্ষমতার ৩০ শতাংশ মানুষ হজ করতে পারবেন। প্রতিদিন ৬ হাজার উমরাহ হাজি গ্র্যান্ড মসজিদে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এন্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারী সকলের জন্য এই অ্যাপটি চালু করা হবে। মন্ত্রণালয় জানায়, এই অ্যাপটি ব্যবহার করে উমরাহ হাজীরা সহজেই হজের আনুষ্ঠানিকতা পালনের নির্দিষ্ট দিন ও সময় সিলেক্ট করতে পারবেন, এবং হজ সংক্রান্ত যেকোন সার্ভিস যেমন ট্রান্সপোর্ট, ইত্যাদি এর প্রয়োজন হলে সেটাও অ্যাপ এর মাধ্যমেই ব্যবস্থা করতে পারবেন।
