মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টার।পিরোজপুরের মঠবাড়িয়ার ভেঁচকি গ্রামে রোববার রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে গরু ব্যবসায়ী আব্দুল মালেক শিকদারের গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তের দেয়া আগুনে একটি গরু ও নগদ টাকা পুড়ে ছাই হওয়ায় ওই গরু ব্যবসায়ীর আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। আব্দুল মালেক শিকদার উপজেলার ভেঁচকি গ্রামের মৃত আব্দুল আজিজ সিকদারের ছেলে।
ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক শিকদার জানান, রোববার গভীর রাতে হঠাৎ গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি বসত ঘর সংলগ্ন গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু ততক্ষণে গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় গোয়ালে থাকা একটি গরু পুড়ে মারা গেছে। সম্প্রতি গরু বিক্রির ৩ লাখ ৫০ হাজার টাকা শত্রুর ভয়ে গোয়াল ঘরের চালার মধ্যে রাখা ছিল, সে টাকাও পুড়ে ছাই হয়। এর মধ্য থেকে সকালে পুলিশ এসে গোয়ালের পোড়া ছাইয়ের মধ্য থেকে ৩২ হাজার টাকা উদ্ধার করে। সব হারিয়ে আমি এখন পথে বসে গেছি। এদিকে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শণ শেষে জানান, এক বছরের বাছুর গরুটির পেটের কিছু অংশ আগুনে দগ্ধ হয় ও কালো ধোয়ায় শ্বাসকষ্টের কারণে গরুটি মারা যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
