নওগাঁর আত্রাইয়ে টিসিবি'র পণ্য বিক্রি,পণ্য পেতে দীর্ঘ লাইন




মোঃ ফিরোজ হোসাইন    

রাজশাহী ব্যুরো

 

নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় করার ফলে কিছুটা স্বস্তি এসেছে নিম্ন আয়ের খেঁটে খাওয়া মানুষের মাঝে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ লিটার তেল,২কেজি ডাল,২ কেজি চিনি,২ কেজি পেঁয়াজ ছয়শত ত্রিশ টাকায় বিক্রয় করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর বাজারে টিসিবি‘র পণ্য বিক্রয় করা হয়।

তবে তালিকায় আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য রাখার দাবি ক্রেতাদের।

উপজেলার টিসিবি পণ্য বিক্রয় তদারকি করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. ছাইফুল ইসলাম। শারীরিক দূরত্ব বজায় এবং নিয়মতান্ত্রিকভাবে পণ্যসামগ্রী কিনতে প্রশাসনকে সহযোগিতা করেন সাহাগোলা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে ক্রেতা জামাল জানান, টিসিবি পণ্য খোলা বাজারে বিক্রি করায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। তিনি আরো বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য এবং চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় মানুষের ভিড় বেশি। তবে পণ্যগুলোর সরবরাহ বেশি করা প্রয়োজন বলে জানান তিনি।

করোনা সংকট মোকাবিলায় দেশরত্ন ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু বলেন, নিম্ন আয়ের খেঁটে খাওয়া মানুষের মাঝে টিসিবি পণ্য দেওয়ার ফলে তারা আজ আনন্দিত। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ছানাউল ইসলাম বলেন, চাহিদার কথা বিবেচনা করে আমরা চেষ্টা করছি বেশি সরবরাহের জন্য।

এসময় তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। বাড়িতে থেকে নিজেকে এবং দেশকে করোনার হাত থেকে মুক্ত রাখুন। সরকারি নিয়ম-কানুন মেনে চলুন- প্রধানমন্ত্রীকে সহায়তা করুন ৷


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ