খুঁজে ফিরি যত অন্ধকার আমি হারিয়ে যাব বলে,
আলো এসে পড়ে দুচোখ জুড়ে
পথ দেখাবে বলে।
পথ ছেড়ে যত অপথ, বিপথ ভুল পথের
পথে হেঁটে,
অলি গলি ঝাড় দূস্তর অপাড়
বিপথের রথে কেটে।
পথ খুঁজেছি পথ হারিয়েও
কত পথ করে শেষ,
সঙ্গী ভেবেছি হারানো পথকেই
যবনিকায় নিঃশেষ।
আলো ভেবে সেই অন্ধকারেই
ঘুরেছি জগৎ ভর,
ঘুরে ফিরে শুধু নিজেকই পেঁয়েছি
অগাধ নিরন্তর।
তবুও খুঁজেছি মায়ের কোল আর
দুধ গন্ধের সুধা,
পিতার কাঁধের নরম আস্তর
মন মানবের ক্ষুধা।
দেখেছি আলোর আলোক ঝলকানি
মৌন আলোর মিছিল,
অন্ধকারের আলোই জগত
দীপ্ত সুপ্ত নিখিল।
