নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যশোরের ঝিকরগাছায় সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলা প্রশাসক তমিজুল খান সাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় ১৭ই জুন থেকে ২৩ জুন সাতদিন ঝিকরগাছা পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, যশোর জেলার সকল রুটে গণপরিবহন বন্ধ থাকবে। কাঁচাবাজার, ফল ও মুদি দোকান সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। মসজিদে ২০ জনের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেনা। খাবার দোকান ও রেস্তোরা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। এছাড়া লকডাউনের জন্য কেন্দ্রিয় নির্দেশনা এই এলাকায় আরোপ করা হয়েছে।
এদিকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বিধিনিষেধের প্রথম দিনেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এছাড়া ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যন সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী স্বশরীরে বাজারের বিভিন্ন জায়গায় যান। তারা মানুষকে সচেতন করেন। দোকান মালিকদের দোকান বন্ধ রাখতে নির্দেশ দেন।
কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে মাঠে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান। তাকে সার্বক্ষণিক সহায়তা করছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
সরেজমিনে দেখা যায়, বাজারের প্রায় সব ধরণের দোকানপাট বন্ধ রয়েছে। তবে পুলিশের সাথে চলছে লুকোচুরি খেলা। পুলিশ আসলে সাটার বন্ধ, চলে গেলে খোলা এই নীতিতেই চলছে দোকানিরা।ইজিবাইক, ভ্যান চলাচল স্বাভাবিক থাকলেও পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে তাদের। দুইজনের বেশি যাত্রী থাকলে পুলিশ তাদের নামিয়ে দিচ্ছে। এছাড়া মোটরসাইকেলে চালক ব্যতীত কাওকে উঠতে দেয়া হচ্ছেনা।
