প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য বুধবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কোন প্রকার যন্ত্রপাতি ছাড়াই নি¤œমানের ‘স্যানিটারী ন্যাপকিন’ পণ্য উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বায়া বাজার এলাকায় অবস্থিত এন এস মেডিকেল ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটিকে ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং তৈরিকৃত স্যানিটারী ন্যাপকিনসহ উৎপাদনে ব্যবহৃত সকল কাঁচামাল জব্দ ও ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী জনাব আব্দুল মোমিন পরবর্তীতে বিএসটিআই হতে অনুমোদন ব্যতিরেকে এধরণের পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা জমা দেন।
এছাড়া একই এলাকায় অবস্থিত মেসার্স বাঁধন দই ঘর প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পবা, রাজশাহী জনাব মোহাম্মদ মেহেদী হাসান এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং মেট্রোলজি উইং এর কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। এসময় বিএসটিআই’র কর্মকর্তা মোঃ আজিজুল হাকিম ও মোঃ মসফিকুল হাসান সহ পবা থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অপর দিকে রাজশাহীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- জরিমানা অদ্য বিকেলে রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় এবং অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় সাহেব বাজার গুড়পট্টি এলাকায় অবস্থিত মৌচাক মিষ্টান্ন ভান্ডারকে ১০,০০০/- জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেওয়ায় এবং অনুমোদনপ্রাপ্ত কারখানা ব্যতীত অন্যত্র ‘ফার্মেন্টেড মিল্ক (মাঠা)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় সাহেব বাজার এলাকায় অবস্থিত নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ২৫,০০০/- জরিমানা করা হয়। এরপর আরডিএ মার্কেটে অবস্থিত কাপড়ের দোকানসমূহে দাম যাচাই করা হয়। এসময় ক্রয়ের মূল্যতালিকা প্রদর্শন করতে না পারায় শেখ গার্মেন্টসকে ৫০০০/- জরিমানা করা হয়।
বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আতাউল্লাহ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জনাব ফজলে এলাহী, বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও মোঃ মসফিকুল হাসান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশিকুর রহমান ও সাদ্দাম হোসেন। এসময় র্যাব-৫ ও বাংলাদেশ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।