রাজশাহী ব্যুরোঃ বগুড়ার আদমদিঘী থানা এলাকায় ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নীল সাগর এক্সপ্রেস সান্তাহার স্টেশন অতিক্রম করার পর তিলকপুর ইউনিয়নের পাটমারি এলাকা ও সান্তাহারের মাঝামাঝি স্থানে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে প্রায় অর্ধশত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। বর্তমানে ১৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তি হওয়া অধিকাংশ যাত্রীর বাড়ি রংপুর ও নীলফামারী জেলায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নুও হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের খোঁজখবর নেন। পুলিশ সুপার আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং কারও রক্তের প্রয়োজন হলে জেলা পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।