মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইউপি সদস্য গুরুতর আহত

আহত ইউপি সদস্য শহীদ মিয়া

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে মো.শহীদ মিয়া (৫০) নামে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।আহত শহীদ মিয়া উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য।  আজ শনিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

পুলিশ, স্থানীয় লোকজন ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে হ্যান্ডট্রলিতে করে শগীদ মিয়ার ধান আড়তে নিয়ে যাচ্ছিল চালক। স্থানীয় কয়েকজন মিলে ২-৩ বস্তা ধান হ্যান্ডট্রলি থেকে নামিয়ে রেখে দেয়। পরে রাত ১২টার দিকে এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে শহীদ মিয়ার পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। আশপাশের লোজজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই মমেক হাসাপাতালে পাঠানো হয়।  আজ শনিবার পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত শহীদ মিয়ার ছোট ভাই শফিকুল ইসলাম বলেন, হামলাকারীদের অনেককেই আমরা চিনতে পেরেছি। ভাইয়ের জীবন বাঁচাতে তাকে নিয়ে ময়মনসিংহ চলে যাওয়ায় ওই সময় থানায় অভিযোগ করতে পারিনি। আজ বিকালে গিয়ে হামলাকারীদের নাম উল্লেখ করে এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে। এ বিষয়ে ওসি হাফিজুল ইসলাম বলেন,  ঘটনার পরপরই এ বিষয়ে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। 


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ