রাজশাহী ব্যুরো
নওগাঁর ধামইরহাট উপজেলা উপজেলার চকগরিয়া গ্রামে পুকুরে ডুবে আরিফা (৯) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফা উপজেলার গোকুল জেলেপাড়া গ্রামের মো. এজাবুল হকের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনার সময় সে তার নানার বাড়ি চকগরিয়া গ্রামে অবস্থান করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুরে পা ধুতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায় আরিফা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন। পরে তার মামা মো. নুরুন্নবী পানিতে নেমে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।”