News

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু



রাজশাহী ব্যুরো
Uploaded Image

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (১৭ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) অনুযায়ী স্পিকার এ মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত আদেশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের অন্তর্ভুক্তি নওগাঁ অঞ্চলের উচ্চশিক্ষা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

এদিকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আত্রাই ও রাণীনগর উপজেলায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সচেতন মহলের ধারণা, শিক্ষা উন্নয়নে আগ্রহী জনপ্রতিনিধি হিসেবে এমপি রেজাউল ইসলাম রেজু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ