করোনা উপসর্গে অভয়নগরের কৃতি সন্তান মো: বেলাল হোসেনের মৃত্যু






মোঃ দেলোয়ার হোসেন, অভয়নগর (যশোর) প্রতিনিধি : 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের অভয়নগরে বেলাল হোসেন (৫৩) নামে সাংবাদিক ও সাবেক কৃতি ফুটবলার ঢাকায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৪জুন) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। এনিয়ে অভয়নগর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন তিনজন। সাংবাদিক বেলাল হোসেন উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত দেলোয়ার হোসেন মন্টুর সেঝো ছেলে এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেনের ছোট ভাই। এছাড়া তিনি অভয়নগর থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন। মৃত বেলাল হোসেনের বড়ভাই আসলাম হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, তার ছোটভাই বেলাল দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে ভুগছিলেন। গত ১৮জুন খুলনা সিটি মেডিকেল কিডনি ডায়ালাইসিস করার পর তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ২১জুন রোববার তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর আনুমানিক ৪টার সময় তিনি মারা যান। বুধবার রাতেই অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলে তিনি নিশ্চিত করেন। সাংবাদিক ও সাবেক কৃতি ফুটবলার বেলাল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, অভয়নগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং নওয়াপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। 



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ