মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রবাসীসহ নির্দিষ্ট কিছু মানুষই ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি আরব প্রবেশ বা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। আগামী ১ জানুয়ারি, ২০২১ থেকে সৌদি আরবে আন্তর্জাতিক ভ্রমণে সকল নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে সৌদি সরকার।
প্রথম দফায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সরকার। তবে শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর যাত্রীর জন্যই প্রথম দফায় আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত করোনা পরিস্থিতি যাচাই করে দেখা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মূলত প্রবাসী এবং বিশেষ সৌদি নাগরিকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ প্রথম দফায় চালু করা হচ্ছে। প্রবাসীদের মধ্যে যাদের কাছে মেয়াদসহ এক্সিট, রিএন্ট্রি ভিসা, ওয়ার্ক ভিসা, রেসিডেন্সি পারমিট (ইকামা), এবং ভিজিট ভিসা রয়েছে, তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। উল্লেখ্য , যেসকল প্রবাসীর বিগত ৩১ আগস্ট পর্যন্ত উপরে উল্লেখিত ভিসাগুলোর মেয়াদ ছিলো, তাদেরকে ইতিমধ্যেই অটোমেটিকভাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভিসার মেয়াদ বৃদ্ধি করে দেয়া হয়েছে।
এছাড়াও বিশেষ সৌদি নাগরিকদেরও প্রথম দফায় আন্তর্জাতিক ভ্রমণ করার অনুমতি দেয়া হয়েছে। এর মাঝে অন্তর্গত হলেন, সরকারি কর্মচারী, সিভিলিয়ান এবং মিলিটারি সদস্য – যারা অফিশিয়াল ডিউটিতে নিযুক্ত আছেন, অসুস্থ রোগী, সৌদি আরবের বাইরে অন্যান্য দেশে স্থায়ী চাকুরিতে থাকা কর্মচারীরা, বাইরের দেশের স্কলারশীপ পাওয়া শিক্ষার্থীরা, এবং যাদের আত্মীয় দেশের বাইরে অবস্থান করছেন তারা পরিবারের কারো মৃত্যুর ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশ বা ত্যাগ করতে পারবেন।
এছাড়াও জিসিসি এর অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকেরা প্রয়োজন অনুসারে সৌদি আরবে প্রবেশ বা ত্যাগ করতে পারবেন।
প্রবাসীদের সৌদি আরব প্রবেশ বা ত্যাগ এর ক্ষেত্রে ফ্লাইটের তারিখের পেছনের ৪৮ ঘন্টার মধ্যে করোণাভাইরাসের টেস্ট করে নেগেটিভ হতে হবে এবং সেই টেস্ট এর রেজাল্ট সাথে নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে হবে।
ওমরাহ হজ চালু করে দেয়া হবে কিনা এবং ওমরাহ হাজীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তরে মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ হজ চালু করে দেয়ার ব্যাপারে এবং ওমরাহ ফ্লাইট চালুর ব্যাপারে একটি পরিকল্পনা তৈরী করছেন তারা, এবং শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ঘোষণা দেয়া হবে।
