মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় প্রতিষ্ঠিত দারুল এবতেদায়ী মাদ্রাসা

আব্দুর রাজ্জাক: বাংলাদেশে ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ২০১৮ শিক্ষাবর্ষে সরকারের পরিকল্পনায় ও মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে প্রতিষ্ঠিত হয় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা।


ইসলামের ইতিহাস-ঐতিহ্যের ধারাবাহিকতায় ইসলামিক শিক্ষা-সংস্কৃতিকে লালন করে দেশের জনশক্তিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি ও বিশ্বব্যাপী ইমাম-খতীব, ইসলামিক স্কলার, বক্তা, দাঈসহ ধর্মীয় সম্মানিত খাতসমূহে বহির্বিশ্বে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করে দেশের সুনাম ও আয় বৃদ্ধির সাথে সাথে পৃথিবীতে ইসলামী শিক্ষার প্রসার ও পরকালে মুক্তির সুদূর প্রসারী পরিকল্পনায় সারাদেশে একযোগে ১০১০ টি ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়।


সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে কামিল সমমান মাদ্রাসা রূপে উন্নতিকরণ ও আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক মানের শিক্ষা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীলগণ।


২০১৯ শিক্ষাবর্ষ শেষে চলতি (ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম) প্রকল্প এর মেয়াদ শেষ হলে মাদ্রাসা সমূহকে "দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রকল্প" নামে নতুন প্রকল্প অনুমোদনের জন্য ইসলামিক ফাউন্ডেশন এর হেড অফিস থেকে ধর্ম মন্ত্রণালয়ে প্রস্তাব পেশ করা হয় বলে জানা যায়।


ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহঃ ইন্তেকালের পর দীর্ঘদিন অগ্রগতি না হলেও আগামী ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রাথমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় সহ পাঁচটি মন্ত্রণালয়ের প্রতিনিধিগন উক্ত পর্যালোচনা সভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন, ক্ষমতাসীন ১৪দলীয় জোটের অন্যতম শরিক দল "তরীকত ফেডারেশন" এর সম্মানিত চেয়ারম্যান জননেতা আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি মহোদয়।

তিনি গত ৭ সেপ্টেম্বর ২০২০ একাদশ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের গত জানুয়ারি ২০২০ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ সকল সমস্যা সমাধান করে দ্রুত প্রকল্পটি পাস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে জানান।


দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয়, সম্মানিত পরিচালক মহোদয়গণ, শ্রদ্ধাভাজন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংসদ সদস্যগণ, সম্মানিত 

মন্ত্রীমহোদয়গণসহ মাননীয় সচিব মহোদয়গণ, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তাগন ও সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীলগণের সহিত দারুল আরকাম মাদ্রাসা প্রকল্প বিষয়ে আলোচনা করলে, সকলেই প্রকল্পটি দ্রুত পাশের ক্ষেত্রে সৎইচ্ছা পোষণ করেন।


দুই লক্ষাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষালাভের সুযোগ-সুবিধা সুনিশ্চিত করে ২০২০ জন শিক্ষক-শিক্ষিকার বিগত ৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বহাল রেখে, ২০২০ শিক্ষাবর্ষে মেয়াদের ধারাবাহিকতা রক্ষা করে জানুয়ারি ২০২০ থেকে প্রকল্পটি দ্রুত পাস করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠানটিকে ধারাবাহিক সফলতা অব্যাহত রাখার সুযোগ দান করার জন্য সংশ্লিষ্ট সম্মানিত সকল কর্তৃপক্ষের নিকট সবিনয় অনুরোধ করছি।

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট সকল দ্বীনী শিক্ষা কার্যক্রম সমূহকে আল্লাহ তাআলা আপনাদের সকলের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন, আমীন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ