রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ হাটে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাটের সেড। সুন্দর পরিবেশে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে সকল ব্যবসায়ীরা।বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ভবানীগঞ্জ বাজারের ব্রিজ ঘাট সংলগ্ন স্থানে আধুনিক মানের হাটের সেডের টপ ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র আব্দুল মালেক মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিঞা, কাউন্সিলর হাচেন আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, এমপি এনামুল হকের প্রেস সচিব, প্রভাষক জিল্লুর রহমান, মেসার্স মাজেদ এন্টারপ্রাইজের প্রোপাইটর মাজেদুর রহমান, উক্ত কাজের ঠিকাদার আশরাফুল ইসলাম প্রমুখ।
এদিকে আধুনিক এই হাট সেডের ঢালাই কাজ শেষ হলে উপকৃত হবেন ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা সহ হাটে আসা লোকজন। বর্তমানে গাদাগাদি করে মাছ, মাংস সহ কাঁচা বাজারে জিনিসপত্র বিক্রয় করতে হয় ব্যবসায়ীদের। আধুনিক এই সেডের কাজ শেষ হলে ক্রেতা-বিক্রেতাদের অনেক সমস্যার সমাধান হবে বলে জানা গেছে।
