রাজশাহী ব্যুরোঃবগুড়ার আদমদিঘীর সান্তাহারে রেলওয়ে জংসন থানার পুলিশ ট্রেনে কাটাপড়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। শনিবার রাতে ও রবিবার সকালে পৃথক দুই জায়গা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বিষয় টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তফা কামাল।
তিনি জানান, সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর ইয়াসিনপুর মধ্যবর্তী স্থানে শনিবারে রাতে কোন এক সময় ট্রেনে কাটা পড়ে ৩৩ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। এ রির্পোট লেখা পর্যন্ত এখনো তার কোন পরিচয় মিলেনি। রবিবার সকাল সাড়ে ৯টায় বাসুদেবপুরের মধ্যবর্তী স্থানে উত্তরা ট্রেনে কাটা পড়ে জুয়েল দেওয়ান (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত জুয়েল দেওয়ান ফরিদপুরের আমহাঁটি এলাকার শাহজাহান দেওয়ানের ছেলে। এই ঘটনায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
