রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ প্রথম আলোকে জানান, বেলা পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়াএলাকায় আবু ত্ব–হার শ্বশুরবাড়ি থেকে তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় ত্ব–হার মা–ও তাঁর সঙ্গে ছিলেন।
১০ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু ত্ব–হা আদনান। তাঁর খোঁজ না পেয়ে তাঁর মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৮ দিন পর পাওয়া গেল ত্ব–হাকে।
আদনান সপরিবার রংপুর শহরে থাকেন। তাঁর মা আজেদা বেগম বলেছিলেন, তাঁর ছেলে অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিতে যেতেন। আদনান ১০ জুন বৃহস্পতিবার ঢাকার একটি মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্যে রংপুর থেকে বিকেল ৪টার দিকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। আদনানের সঙ্গে ছিলেন তাঁর দুই সঙ্গী আবদুল মুহিত ও ফিরোজ। এ ছাড়া গাড়িচালক হিসেবে ছিলেন আমির উদ্দিন ফয়েজ।
