নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরে দিনের বেলায় পোশাক শ্রমিকদের বাসে করে আনা-নেওয়া করেন আর রাতে ও ভোরে যাত্রীবেশে ছিনতাই করেন তাঁরা। ৭৭টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. আজিম, সাইফুল ইসলাম, মো. মুন্না, সাজ্জাদ হোসেন ও মো. নিশাদ।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ৭৭টি সিসিটিভি ক্যামেরা দেখে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বাসটিও আটক করা হয়েছে। তাঁরা দিনে পোশাকশ্রমিকদের বাসে করে আনা-নেওয়া করেন আর রাত থেকে ভোর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে ঘুরে যাত্রীদের তুলে ছিনতাই করেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গত রোববার পারভেজ খান নামের মুন্সীগঞ্জের এক গাছ ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরে আসেন গাছ কেনার জন্য। ওই দিন ভোরে তিনি নগরের জিইসি মোড়ে ঢাকা থেকে আসা বাস থেকে নেমে বন্দরে যাওয়ার জন্য একটি স্থানীয় বাসে ওঠেন। এটি লালখান বাজার মোড় পর্যন্ত এসে ডান পাশ দিয়ে ইউটার্ন করে আখতারুজ্জামান উড়ালসড়কে উঠে যায়। বাসচালকের সহকারী বাসের দরজা বন্ধ করে দেন। ওই সময় বাসটির ভেতরে যাত্রীবেশে থাকা অন্য পরিবহনশ্রমিকেরা তাঁকে মারধর করেন। পরে তাঁর সঙ্গে থাকা মুঠোফোন, ২০ হাজার টাকা, ঘড়ি ও কাপড়ের ব্যাগ কেড়ে নিয়ে তাঁকে উড়ালসড়কে নামিয়ে দিয়ে বাসটি নিয়ে চলে যান। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।পুলিশ জানায়, সবাই পরিবহনশ্রমিক হওয়ায় সহজে কেউ সন্দেহ করেন না তাঁদের। ওই ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখে চক্রটির সন্ধান পায় পুলিশ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)