ক্রীড়া ডেস্কঃ দৃশ্যটা গতকাল রাতের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের খেলা শেষে পুরস্কার বিতরণের প্রস্তুতি চলছিল। এ সময় বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাকিব আল হাসানের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যাচ্ছিল। সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও।তিনজনই হয়তো আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুলাই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আলাপ করছিলেন। আজ টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে পৌঁছেও কোচ ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের সলাপরামর্শ চলছিল। দুপুরে সিলেটের টিম হোটেলে পৌঁছানোর পরই দুজন চলে আসেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। জানা গেছে, দুজনই উইকেট দেখতে মাঠে চলে আসেন। টি-টোয়েন্টি দলের আরও এক সদস্য নাসুম আহমেদও আসেন মাঠে। তিনি হোটেল থেকে সরাসরি মাঠে আসেন জিম করতে।