চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমানের মৃত্যু

বাম দিক থেকে আহত শাহিনুর রহমান 
নিউজ ডেস্কঃ যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ছিলেন।স্বজনরা জানান, গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুঠিপাড়া এলাকায় একটি দোকানে বসে ছিলেন শাহিনুর রহমান। এ সময় একদল সন্ত্রাসী সেখানে অতর্কিত হামলা চালিয়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।নিহতের নিকট আত্মীয় নাট্যকার আনিছুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “মৃত্যুর বিষয়ে আমাদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি। লিখিত তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ