দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর শহরের রাজবাটী কাঁটাপাড়ার ভূঁইপাড়া এলাকাবাসী ভারি যান চলাচলে রাস্তা ক্ষতিগ্রন্থ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং শতশত ট্রাক-ট্রাক্টর সহ মালবাহী ভারি যানবাহন আটকে রেখে প্রতিবাদ জানিয়েছে।
২৪ জুন বুধবার বিক্ষোভ চলাকালীন এলাকার বিশ্বজিৎ রায়, চন্দন দাস, মিহির চন্দ্র দাস, তেঁতুন দাস, কাবলু রায়, সরজিৎ দাস, সাধন দাস, বাবলু, পশি রহমান, মোঃ বুলবুল, মোঃ মোস্তাকিম, মোঃ আজগর আলী জানান, রাজবাড়ী কাঁটাপাড়ার ভূইপাড়া এলাকায় ২টি ইটের ভাটা ও ৪টি আটো রাইস মিল থাকার কারণে প্রতিদিন শতশত ট্রাক-ট্রাক্টর সহ মালবাহী ভারি যানবাহন পৌর নিয়মনীতি উপেক্ষা করে চলাচল করছে। যার ফলে রাস্তাঘাটগুলো ভেঙ্গে চলাচলের অনুপযোগী হওয়াতে এলাকাবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। তারা আরো জানায় পৌর আইন অনুযায়ী এইসব রাস্তায় ৩ টনের গাড়ি চলার কথা থাকলেও ভাটা ও অটো রাইস মিলের কারণে ৩০-৬০ টনের গাড়ি মালামাল নিয়ে প্রতিদিন এই রাস্তায় চলাচল করছে। ফলে রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া রাস্তা ভাঙ্গার কারণে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটেই চলেছে। এলাকাবাসী বার বার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার নিকট অভিযোগ করেও কোন ফল না পেয়ে তারা সকাল ৭টা থেকে মালবাহী ভাড়ি যানগুলি আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসী আরো বলেন, প্রশাসন এব্যাপারে জরুরীভাবে হস্তক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
