চৌগাছা (যশোর) প্রতিনিধি : প্রতিবছর ভাদ্রমাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হয় ঐতিহ্যে বাহী পীর বলুহ দেওয়ানের মেলা তবে এই বছর করোনার কারনে প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় এই মেলা হচ্ছে না। মেলা না হলেও দেশের বিভিন্ন প্রান্ত হতে ফেরিওয়ালাসহ হরেক রকমের ব্যবসায়ীরা মেলা চত্তরে এসে উপস্থিত হয়েছেন। চৌগাছার বিশিষ্ট মানুষ জন এই মেলা আয়োজনের বিপক্ষে থাকলেও কিছু লোক চেষ্টা করছেন মেলা আয়োজনের।
যশোরের চৌগাছার ঐতিহ্যপূর্ণ বলুহ দেওয়ানের এই মেলা শতশত বছর ধরে চলে আসছে। উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদের পাড়ে অঞ্চলের পীর বলুহ দেওয়ান (রঃ) এর মাজার। যুগযুগ ধরে তার রওজা শরীফকে ঘিরে প্রতি বাংলা সনের শেষ মঙ্গলবার বসে মেলা, যা অঘোষিত ভাবে প্রায় দুই সপ্তাহ ধরে চলে। এ বছরও মেলা হওয়ার কথা থাকলেও বাধ সেধেছে মহামারি করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারনে মেলা শুরুর এক দিন আগেও সরকার থেকে কোন অনমুতি মেলেনি বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।
