অটোরিকশা ও ইজিবাইক চালকদের সংঘর্ষে আহত ৫,


মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃমৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে উভয় পক্ষে ৫ জন আহতসহ গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

৪ নভেম্বর বুধবার সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় লাঠিসোটা নিয়ে সংঘর্ষ চলাকালে শহরে মধ্যে  আতংক ছড়িয়ে পড়ে। এ সময় শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শহরের পথচারীরা আত্মরক্ষার্থে দিকবিদিক ছুটাছুটি শুরু করেন।

জানা যায়, কুলাউড়া শহরে ব্যাটারিচালিত ইজিবাইক রিকশা চলাচল বন্ধ করা নিয়ে ইজিবাইক রিকশা চালকদের সাথে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন আহত ছাড়াও মারমুখী শ্রমিকরা ব্যাপক সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক ভাংচুর করে ক্ষয়ক্ষতি সাধিত করে।এ ঘটনায় আহত ৫ জনকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে ১ জনকে ভর্তি করা হয় ও ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপজেলা চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর এবং কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানসহ একদল পুলিশ দীর্ঘসময় প্রচেষ্টা চালিয়ে মারমুখী উভয়পক্ষকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ