নন্দীগ্রামে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণের ঘটনায় গ্রেফতার- ৩

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে ফেসবুক প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ ও এসআই বিকাশ চক্রবর্তী সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১নং বুরইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামের প্রবাসী সুজন প্রামাণীকের স্ত্রী রিনা বেগম (৩৭), তার সঙ্গী কহুলী তালুকপুরের মিলন হোসেনের ছেলে লিটন হোসেন (২২) ও কহুলী গ্রামের আব্দুল আলীমের ছেলে গোলাম রাব্বি (২০)। মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আবদুল মোত্তালেব (৩৬) সাথে "শিবলু সাথী" ফেসবুক আইডির মাধ্যমে পরিচয় ও বন্ধুত্ব গড়ে তোলেন রিনা বেগম। পরবর্তীতে রিনা বেগমের আমন্ত্রনে গতকাল বুধবার নন্দীগ্রামের ভদ্র দিঘী গ্রামে রিনার বাড়িতে আসেন মোত্তালেব। এ সময় মোত্তালেবের কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাকে হাত-পা বেঁধে মারধর সহ বিবস্ত্র করে ছবি তুলে রাখে রিনা সহ তার সহযোগীরা। ছবিগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং পরিবারকে দেখানোর হুমকি দিলে মোত্তালেব তার আত্মীয়ের মাধ্যমে ১৭ হাজার ২০০ টাকা বিকাশে আনেন। পরে একটি ফাঁকা টেম্পে স্বাক্ষর নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। ছাড়া পেয়ে বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম থানায় গিয়ে মোত্তালেব অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলু মিয়াসহ ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মোত্তালেব হোসেন। এই ঘটনায় প্রতারক রিনা সহ ৩জন কে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া সিনিয়ার জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট কোর্টে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ