মো. মিজানুর রহমান মিজান, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের চিরিরবন্দরে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী হাসান আলী নামে একজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই মহাসড়কের চিরিরবন্দরের পুনট্টি ইউপির আমতলী বাজারের ব্রম্মপুর মাদ্রাসা মোড়ে এ ঘটনাটি ঘটেছে।
দিনমজুর হাসান আলী (৫৫), দিনাজপুর সদরের পূর্ব মোহনপুর (মোহনপুর রাবার ড্যামের পার্শ্বে) গ্রামের ওসমান গণির ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফুলবাড়ি থেকে দিনাজপুরগামী চা বোঝাই একটি ট্রাকের সামনের দুটি চাকা একই সাথে ফেটে গিয়ে নষ্ট হয়ে যায় এবং ট্রাকটি মহাসড়কে উল্টে পড়ে যায়। এ সময় দিনাজপুর সদরের পূর্ব মোহনপুর গ্রামের দিনমজুর হাসান আলী ওই পথ দিয়ে বাড়ি থেকে বাইসাইকেল যোগে আমবাড়ি বাজারের যাওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
