আজগার আলীঃ যশোরের জাগরণী চক্র ফাউন্ডেশনের সাবেক এক জুনিয়র কর্মকর্তার বিরুদ্ধে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে যশোরের আদালতে একই প্রতিষ্ঠানের এক নারী ব্যবস্থাপক মামলা করেছেন। আসামি মিঠুন বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার মুনুডিয়া গ্রামের মাখন লাল বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার ফাউন্ডেশনের মাইক্রো ফাইন্যান্স প্রোগাম ব্যবস্থাপক তহমিনা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন,তহমিনা খাতুন জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। আসামি মিঠুন বিশ্বাস এই অফিসে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মিঠুন বিভিন্ন সময় তহমিনা খাতুনকে অশ্লীল অঙ্গভঙ্গি, কটূক্তি ও কুপ্রস্তাব দিতেন। মিঠুনকে নিষেধ করলেও তিনি কর্ণপাত করতেন না। গত ২ ফেব্রুয়ারি অফিসে কর্মরত থাকা অবস্থায় আসামি ওই কর্মকর্তার পিঠে আঘাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এ ঘটনায় তহমিনা অফিসের নারী ফোরামে অভিযোগ করলে তদন্ত শেষে সত্যতা পায়। এ কারণে আসামি মিঠুন বিশ্বাসকে চাকরিচ্যুত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মিঠুন। বাদীর ক্ষতি করার ষড়যন্ত্র করতে থাকেন তিনি। গত ১৩ জুন সকাল পৌঁনে নয়টার দিকে রোটারি হাসপাতালের সামনে আসামি ওই কর্মকর্তাকে গতিরোধ করে গালিগালাজ করেন। এ সময় প্রতিবাদ করলে তাকে মারপিট, শ্লীলতাহানি ও গলার চেইন ছিনিয়ে নেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি মিঠুন পালিয়ে যান। তিনি অফিসে গিয়ে সহকর্মীদের জানিয়ে আদালতে এ মামলা করেছেন।
