ভোলায় ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ কর্মসূচি উদযাপন


মোঃ আওলাদ হোসেন,দৌলতখান  প্রতিনিধি:ভোলার দৌলতখান উপজেলায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও শিশুবাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণে জনসমর্থন গড়ে তুলতে স্থানীয় সাংবাদিকদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে দৌলতখান উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে সাজেদা ফাউন্ডেশন। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে প্ল্যান ইন্টারন্যাশনাল-এর একটি প্রকল্প।

কর্মশালায় সভাপতিত্ব করেন দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মো. জাকির আলম। এতে সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।বক্তারা বলেন, সমাজে এখনো মাসিক স্বাস্থ্য নিয়ে নানা কুসংস্কার ও সামাজিক সংকোচ বিদ্যমান। এসব ভ্রান্ত ধারণা দূর করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে শিশুবাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা বাস্তবায়নে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার রক্ষায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ কর্মসূচির আওতায় বাংলাদেশে খতুমতী (মাসিক হওয়া) কিশোরীদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে মাসিক স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং শিশুবাল্যবিবাহ প্রতিরোধে সমাজকে আরও সচেতন করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।এতে সাজেদা ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার সোনালী তালুকদার, মনিটরিং এন্ড ডক্যুমেন্টেশন অফিসার মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ