মোঃ ফিরোজ আহম্মেদ,রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী ও ৫ বছর বয়সী কন্যাকে হত্যার পর একই ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। গতকাল শুক্রবার (৬ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে স্ত্রী-কন্যাকে হত্যার নৃশংস এই ঘটনা ঘটে। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম জয় সরকার (২৭)। তিনি চৌধুরীপাড়া গ্রামের গৌতমের ছেলে। নিহত স্ত্রীর নাম বৃষ্টি সরকার (২২) ও কন্যা সন্তানের নাম জিনিয়া সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে স্ত্রী ও সন্তানকে নিয়ে জয় তার ঘরে ঘুমাতে যায়। যে কোনো কারণবশত রাতে নিজ শয়নকক্ষে জয় তার স্ত্রী ও শিশু কন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে প্রাণ হারায়। পরে একই ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান জয়। পরে শুক্রবার সকালে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।