আত্রাইয়ে কলেজ ছাত্র অপহরণ করে হত্যাচেষ্টা, আইফোন ছিনতাই
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁর আত্রাইয়ে মো: নাহিন আহমেদ (১৯) নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করে নৃশংসভাবে হত্যার চেষ্টা ও আইফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি রাজশাহী সিটি কলেজের ছাত্র এবং আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাহিন গতকাল বিকেলে মায়ের সঙ্গে বাড়িতে আসেন। সন্ধ্যায় পরিচিত দুই বন্ধু তাকে বাইরে ডেকে নিয়ে গেলে নদীর তীরে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়।
সেখানে তাকে ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার থুতনির নিচে গুরুতর জখম হয় এবং ডান পা ভেঙে যায়। হামলাকারীরা তার কাছ থেকে আইফোন ১৫ প্রো ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
নাহিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় পরিবার পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ এনে দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২