সন্ধান মেলেনি কেন্দ্রীয় লাইব্রেরিতে চুরি হওয়া ১৫ কম্পিউটারের


বশেমুরবিপ্রবি সংবাদদাতাঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে গভীর রাতে ৪৯ কম্পিউটার চুরির ৩৪ টি উদ্ধার হলেও ১৫ টি কম্পিউটারের খোঁজ মেলেনি। চুরির ঘটনায় রাঘববোয়ালরা জড়িত কিনা সেটিও জানা যায়নি।


তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মিজানের ভাষ্যমতে , “অবশিষ্ট ১৫ টি কম্পিউটার উদ্ধার করা সম্ভব হয় নি। তবে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে।”


 গত ১৬ আগস্ট গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সা‌র্কেল) মো: ছা‌নোয়ার হো‌সেন জানিয়েছিলেন আটককৃত সাত  আসামীরা জবানবন্দি দিয়ে নির্দেশদাতাদের  নাম জানিয়েছে।   তদন্তের স্বার্থে ওই সময়ে জেলা পুলিশের পক্ষ থেকে তখন প্রকাশ করা হয় নি।কিন্তু একমাসের অধিক সময় পরও কোথায় সেই গুপ্ত নির্দেশদাতাদের তালিকা?


বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চুরির ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি গত ৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিলেও এখন পর্যন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি। এ বিষয়ে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ জানান, “শৃঙ্খলা বোর্ডকে আমরা তদন্ত প্রতিবেদনের বিষয়ে অবহিত করেছি। কিন্তু শৃঙ্খলা বোর্ডের পক্ষ থেকে এখনও তদন্ত প্রতিবেদন চাওয়া হয় নি।”


উল্লেখ্য , ঈদ-উল- আযহার ছুটি চলাকালীন  বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয়ে যায়।পুলিশের অভিযানে ১৪ আগস্ট ঢাকার একটি আবাসিক হোটেল থেকে ৩৪ টি কম্পিউটার উদ্ধার করা হয়।কিন্তু বাকি ১৫ টি কম্পিউটারের হদিস আজও মেলেনি,মূলহোতারাও ধরা ছোঁয়ার বাইরে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ