মোঃ রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধি:ধানের শিষ বের হয়েছে। কিছুদিনের মধ্যে ধান পাকা শুরু হবে। সেই ধান কেটে ঘরে তুলবেন কৃষক। ধান ঘরে উঠলে কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত হবেন কৃষকরা। কিন্তু হঠাৎ করেই ধানক্ষেতে কারেন্ট পোকা (‘নেক ব্লাস্ট’ রোগ) আক্রমণ করায় দিশেহারা হয়েছে পড়েছেন উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের কৃষকেরা।
পাঁচটি উপজেলা নিয়ে লালমনিরহাট জেলা। কমবেশি সব উপজেলায় ধানক্ষেতে ‘নেক ব্লাস্ট’ রোগ দেখা দিয়েছে। লালমনিরহাট উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামের আয়ের আলী নামের এক কৃষক বলেন, ধানক্ষেতে কারেন্ট পোকা আক্রমণ করায় আমরা এখন চিন্তায়। মনে হয় ধানক্ষেত কেটে গরুকে খায়াই। একই গ্রামের বাসিন্দা রুহুল আমিন বলেন, আমার ৬০ শতাংশ জমির ধান সব পোকা শেষ করে ফেলছে। খোকন মিয়া বলেন, আমার প্রায় ৫ বিঘা জমির ধানক্ষেত নষ্ট হয়েছে। ওই জমি থেকে আমি একটি টাকাও আয় করতে পারব না। ওই জমিতে যত টাকা খরচ করেছি তা পুরো লোকসান হবে।
এদিকে, সদর জেলার বাসিন্দা বুলু মিয়া বলেন, ‘নেক ব্লাস্ট’ রোগের কারণে আমার প্রায় এক বিঘা জমির ধান নষ্ট হয়েছে।আমি গরিব মানুষ কী করব ভেবে পাচ্ছি না। এই জমির ধান দিয়ে যে চাল হতো তা আমার ১২ মাসের খাবার হতো। এখন আমি কী খাব ভেবে পাচ্ছি না। একই কথা গ্রামের সব কৃষক বলেন।
